অভিনেতা আফজাল হোসেনের মৃত্যুর ভুয়া খবর প্রচার

গত ০৫ সেপ্টেম্বর দুপুরে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়, বরেণ্য অভিনেতা আফজাল হোসেন মারা গেছেন।

আফজাল হোসেন

যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদনটি দেখুন পোস্ট (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেতা আফজাল হোসেন মারা যাননি বরং তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে গত ০৫ সেপ্টেম্বর দুপুর ২ টা ৫০ মিনিটে অভিনেতা এবং আফজাল হোসেনের বন্ধু ফখরুল বাশার মাসুম এর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আফজাল হোসেনের শারীরিক অবস্থা নিয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে বাশার বলেন, প্রাথমিক বিপদ কাটিয়ে তিনি (আফজাল হোসেন) এখন ভালো আছেন।

পরবর্তীতে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম নিউজ২৪ এর ওয়েবসাইটে একইদিন (৫ সেপ্টেম্বর) বিকেল তিনটা উনপঞ্চাশ মিনিটে ‘আফজাল হোসেনের সর্বশেষ শারিরীক অবস্থার কথা জানালেন ফরিদুর রেজা সাগর‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, হার্ট অ্যাটাক ও নিউমোনিয়ায় আক্রান্ত আফজাল হোসেন ০৪ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে আফজালকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আফজাল হোসেনের ঘনিষ্ট বন্ধু ফরিদুর রেজা সাগর গণমাধ্যমে এ কথা জানিয়েছেন।

এছাড়াও, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর বাংলা সংস্করণে আজ ০৬ সেপ্টেম্বর দুপুরে ‘দুএকদিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন আফজাল হোসেন ‘ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনেও আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে নিশ্চিত করা হয় এবং তাকে এখন হাসপাতালের সিসিইউতে থেকে ০৫ সেপ্টেম্বর রাতে কেবিনে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

মূলত, গত ০৪ সেপ্টেম্বর (সোমবার) হার্ট অ্যাটাক ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অভিনেতা আফজাল হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রেক্ষিতে যমুনা টিভিতে অভিনেতা আফজাল হোসেনের মৃত্যুর সংবাদ প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, তিনি এখন সুস্থ আছেন।

সুতরাং, অভিনেতা আফজাল হোসেনের মৃত্যুতে যমুনা টিভিতে মৃত্যুর সংবাদ প্রচার করা হয়েছে ; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: