বিডিনিউজ২৪ এর লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইটে সাদিয়া আয়মানকে জড়িয়ে ভুয়া সংবাদ প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী সাদিয়া আয়মানকে জড়িয়ে ‘ সাদিয়া আয়মান লাইভ টিভিতে মাত্রাতিরিক্ত কথা বলেছিলেন। রাফসান সাবাব এটিকে “দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করেন এবং ভিডিওটির অপ্রকাশিত অংশটি ব্যাংককে দেন।’’ (অনূদিত) শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট প্রচার করা হয়েছে। উক্ত পোস্টে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আদলে প্রকাশিত একটি প্রতিবেদনের লিঙ্কও সংযুক্ত করা হয়েছে। উক্ত লিঙ্কে থাকা প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সাদিয়া আয়মানকে ইউটিউব চ্যানেল ‘What a Show’ তে রাফসান সাবাবের সাথে তার লাইভ সাক্ষাৎকারে করা বক্তব্যের জন্য মামলা করেছে। এছাড়াও দাবি করা হয়, তিনি লাইভ সাক্ষাৎকারে কম সময়ে বেশি টাকা কামানোর একটি সাইটের প্রমোশন করেছিলেন। কথিত উক্ত প্রতিবেদনটিতে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর লোগোও উপরে প্রদর্শিত হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে প্রচারিত কথিত প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাদিয়া আয়মানকে জড়িয়ে প্রচারিত দাবি সঠিক নয় এবং বিডিনিউজ২৪ এরূপ কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বরং ভুয়া একটি ওয়েবসাইটে বিডিনিউজ২৪ এর লোগো সংযুক্ত করে ভিন্ন ঘটনার স্ক্রিনশট সংযুক্ত করে ভিত্তিহীনভাবে উক্ত কথিত প্রতিবেদনটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত পোস্টে সংযুক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। কথিত উক্ত প্রতিবেদনটিতে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর লেগো থাকলেও ‘newsnewsthe.click’ শীর্ষক ভিন্ন একটি ডোমেইন নাম দেখা যায় এবং নিশ্চিত হওয়া যায় যে উক্ত ওয়েবসাইটটি বিডিনিউজ২৪ এর আসল ওয়েবসাইট নয়।

উক্ত প্রতিবেদনটিতে দাবি করা হয়, “সরাসরি সম্প্রচারের সময়, সাদিয়া আয়মান সত্য প্রকাশ করার জন্য অনুতপ্ত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটি সরাসরি সম্প্রচারের সময় কেলেঙ্কারির সূত্রপাত হয়, যখন সাদিয়া আয়মান অনুষ্ঠানটিতে দুর্ঘটনাক্রমে তার গোপন কথা প্রকাশ করে দেন। অনেক দর্শক সাদিয়া আয়মানের “দুর্ঘটনাজনিত” কথাগুলিতে মনোযোগ দেন এবং সম্প্রচারে বার্তা পাঠাতে শুরু করেন। তবে, বাংলাদেশ ব্যাংক থেকে একটি ফোন কলের মাধ্যমে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়, যারা অবিলম্বে অনুষ্ঠানটি বন্ধ করার দাবি জানায়। সৌভাগ্যবশত, “হোয়াট আ শো!” অনুষ্ঠানের পরিচালক এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ের একটি কপি দেওয়ার জন্য রাজি হয়। এই প্রতিবেদনটিও শীঘ্রই মুছে ফেলা হতে পারে, যেমনটি সম্প্রচারের ক্ষেত্রে ঘটেছে। তাই পাঠকদেরকে সাদিয়া আয়মানের দেওয়া লিঙ্কটি পরীক্ষা করা উচিত।”

এরপর কথিত মুছে ফেলা সাক্ষাৎকারটি প্রচার করা হয় যেখানে দাবি করা হয় উক্ত অনুষ্ঠানের সঞ্চালক রাফসান সাবারের সাথে সাদিয়া আয়মান নিজের আয়ের উৎস নিয়ে আলোচনার এক পর্যায়ে বলেন তিনি ”নেদারেক্স প্রো ‘ নামের একটি সাইটে টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা কামিয়েছেন এবং এভাবে কয়েক মাসে মিলিয়নিয়ার হওয়া সম্ভব। এসময় উক্ত সাইটটির লিঙ্কও কথিত সাক্ষাৎকারটিতে হাইপারলিঙ্ক করে দেওয়া হয় এবং পাশাপাশি ‘হোয়াট আ শো’ এর উক্ত সাক্ষাৎকারের ছবি দাবিতে কয়েকটি স্ক্রিনশট সংযুক্ত করা হয়।

এরই সূত্র ধরে অনুসন্ধান করলে ‘What a Show’ এর ইউটিউব চ্যানেলে এ এরূপ কোনো সরাসরি সাক্ষাৎকার সম্প্রচারের তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। কথিত টাকা কামানোর সাইট ‘নেদারেক্স প্রো’ এর লিঙ্কে ক্লিক করলে দেখা যায় এটি কথিত প্রতিবেদন প্রচার করা একই ওয়েবসাইটেরই ভিন্ন একটি পৃষ্ঠায় নিয়ে এসেছে। উক্ত সাইটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের উক্তি দাবিতে দুইটি উক্তিও সংযুক্ত করা হয় যেখানে বলা হয় তারা উক্ত সাইটটি ব্যবহারে উৎসাহিত করেছে। উল্লেখ্য যে, সাইটটিতে ড. ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বদলে প্রধান কাউন্সেলর দাবি করা হয়। এছাড়াও দাবি করা হয় যে প্রতিদিন ৯৫,০০০ টাকা থেকে শুরু করে ২,১৫,০০০ টাকা পর্যন্ত আয় করা যাবে। এরপর নাম, ইমেইল ও মোবাইল নাম্বার দিতে বলা হয়৷ উক্ত তথ্যগুলো দিলে ১ দিনের ভেতর যোগাযোগ করা হবে বলে জানানো হয়।

পরবর্তীতে ‘What a Show’ এর উক্ত সাক্ষাৎকারের স্ক্রিনশট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে উক্ত অনুষ্ঠানের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ অক্টোবর প্রচারিত ‘ Jovan & Sadia Ayman | What a Show! with Rafsan Sabab’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত অনুষ্ঠানের স্ক্রিনশট দাবিতে প্রচারিত ছবিতে সাদিয়া আয়মানের সাথে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভানকেও দেখা যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত স্ক্রিনশটটি মূলত উক্ত অনুষ্ঠান থেকে নেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানটিতে সাদিয়া আয়মানকে আলোচিত সাইটটি প্রমোট করতে দেখা যায়নি বরং তাকে ও জোভানকে বিভিন্ন ফান গেম খেলতে এবং ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা যায়।

উক্ত ওয়েবসাইটটির ডোমেইনের তথ্যের বিষয়ে অনুসন্ধান করলে দেখা যায় এটি ২০২৫ সালের ২১ জানুয়ারি রেজিস্ট্রার করা হয়েছে, ২০২৫ সালের ২৬ জানুয়ারি হালনাগাদ করা হয়েছে এবং ২০২৬ সালের ২১ জানুয়ারি এটি মেয়াদোত্তীর্ণ হবে।

তাছাড়া, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত১২ মার্চে এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনটিতে প্রচারিত কথিত উক্ত প্রতিবেদনের দাবি মিথ্যা ও সাইটটি ভুয়া বলে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, এর আগে বিডিনিউজের ওয়েবসাইটের আদলে তৈরি একইরকম আরেকটি ভুয়া সাইটে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে জড়িয়ে একই দাবিতে একটি প্রতিবেদন করা হয়। যা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, সাদিয়া আয়মানকে তার লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে সহজে টাকা কামানোর সাইটের বিষয়ে কথা বলায় মামলা করা হয়েছে শীর্ষক দাবিতে বিডিনিউজ২৪ সংবাদ প্রতিবেদন করেছে শীর্ষক দাবি মিথ্যা।

তথ্যসূত্র

Share: