সম্প্রতি কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি কলেজের নির্দেশনা বিজ্ঞপ্তি দাবিতে কক্সবাজার সরকারি কলেজের লোগো সংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পোস্টে সংযুক্ত কথিত বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘এতদ্বারা প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে, চলমান সপ্তাহে আপনার সন্তানের কোনো অতিরিক্ত ক্লাস নেই। কোনো অতিরিক্ত এক্সাম ফি, পিকনিক ফি ইত্যাদিও ধার্য করা হয়নি। এমনকি কোনো টেডি বেয়ার, চকলেট, লাল গোলাপ, গিফট বক্স ক্রয় করার নির্দেশনা দেওয়া হয়নি। এমনকি এই মাসে কোনো শিক্ষকের জন্মদিন ও নেই। আপনার সন্তান কোনোভাবে অতিরিক্ত অর্থ চেয়ে থাকলে কলেজ কর্তৃপক্ষ দায়ী নয়। বিঃদ্রঃ যে সকল শিক্ষার্থী অসদুপায়ে অর্থ সংগ্রহ করতে গিয়ে পিতা-মাতার কাছে ধরা খেয়েছো, তাদের নিম্নোক্ত কাগজপত্র নিয়ে মাপক অফিসে দেখা করার নির্দেশনা দেওয়া হলো। ১। এসসিএস এবং এইচএসির রেজিস্ট্রেশন কার্ড। ২। জন্ম নিবন্ধন সনদ। ৩। পরিবার সম্পর্কিত তথ্য। ৪। বর্তমান ও স্থায়ী ঠিকানা। ৫। পাসপোর্ট সাইজ ছবি সফট ও হার্ড কপি।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার সরকারি কলেজের লোগো সংযুক্ত করে প্রচারিত কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি কলেজের নির্দেশনা দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞপ্তির ডিজাইনের আদলে আলোচিত বিজ্ঞপ্তিটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে আলোচিত বিজ্ঞপ্তিটি পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও কক্সবাজার সরকারি কলেজের পক্ষ থেকে এরূপ কোনো বিজ্ঞপ্তি প্রচার করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধানে কক্সবাজার সরকারি কলেজের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত বিজ্ঞপ্তির বিষয়ে গত ১০ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে আলোচিত বিজ্ঞপ্তির বিষয়ে বলা হয়, ‘প্রচারিত নোটিশটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। কলেজের দাপ্তরিক কার্যক্রমের সাথে এর কোনো সম্পর্ক নেই। কলেজের সকল প্রকার নোটিশ শুধুমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/cgcOfficialBD)/ওয়েবসাইট (www.cgc.edu.bd)-এ প্রকাশ করা হয়। এর বাইরে অন্য যে-কোনো সোর্সের তথ্যের জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।’
সুতরাং, কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি কলেজের নির্দেশনা দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া।
তথ্যসূত্র
- Cox’s Bazar Govt. College – Facebook Post
- Rumor Scanner’s analysis


