সম্প্রতি, গ্রামীণ ব্যাংকের নামে অনলাইনভিত্তিক ঋণ বিতরণ কর্মসূচির দাবি করে পরিচালিত একটি ওয়েবসাইট চিহ্নিত করেছে রিউমর স্ক্যানার। ওয়েবসাইটটিতে দাবি করা হচ্ছে, শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে মাত্র ১০ মিনিটে ওয়েবসাইটটি থেকে ঋণ নেওয়া যাবে। অনলাইনভিত্তিক এই ঋণ প্রকল্পে সর্বনিম্ন ৫০০০ হাজার টাকা থেকে ঋণ দেওয়া হয় বলেও দাবি করতে দেখা যায় ওয়েবসাইটটিতে।

উক্ত ওয়েবসাইট লিংক দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শুধু এনআইডি কার্ড দিয়ে গ্রামীণ ব্যাংকের অনলাইনভিত্তিক ঋণ প্রদানের দাবিটি সঠিক নয়। এছাড়াও গ্রামীণ ব্যাংকের কোনো অনলাইনভিত্তিক ঋণ বিতরণ কর্মসূচিও নেই। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করে এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
পর্যবেক্ষণে দেখা যায়, ‘https://grameen.loan/’ নামের একটি ওয়েবসাইট ঠিকানা ব্যবহার করে এমন দাবি করা হচ্ছে। ওয়েবসাইটে প্রবেশের পরপরই ‘লগইন’ করার অপশন প্রদর্শিত হয়। সেখানে ক্লিক করলে ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ‘লগইন’ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, নতুন ব্যবহারকারীদের জন্য ‘নিবন্ধন’ করার বিকল্পও দেখা যায়।
ডোমেইন বা ওয়েবসাইট ঠিকানা তদারক সংস্থা Whois-এর ওয়েবসাইটে যাচাই করে দেখা গেছে, কথিত ‘https://grameen.loan/’ ডোমেইনটি নিবন্ধিত হয়েছে গত ১৮ জানুয়ারি। যেটি এক্সপায়ার হবে ২০২৭ সালের ১৮ জানুয়ারি। অপরদিকে গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা হলো https://grameenbank.org.bd/ । পাশাপাশি, ‘https://grameen.loan/’ ডোমেইনের সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা খুঁজে পায়নি রিউমর স্ক্যানার।
এছাড়া, গ্রামীণ ব্যাংকের অনলাইনভিত্তিক ঋণ প্রকল্প চালু হওয়ার বিষয়ে মূল ধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। বরং, গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনা করে গত ১ ফেব্রুয়ারি করা একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।

পোস্টে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আলোচিত অনলাইনভিত্তিক ঋণ প্রকল্পের ওয়েবসাইটটি ভুয়া। গ্রামীণ ব্যাংকের এমন কোনো কর্মসূচি চালু নেই বলেও পোস্টে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে জানতে গ্রামীণ ব্যাংকের মিডিয়া সমন্বয়কারী সোহেল রানা সবুজের সাথে যোগাযোগ করা হলে তিনিও রিউমর স্ক্যানারকে বিষয়টি নিশ্চিত করেন আলোচিত ওয়েবসাইটটি ভুয়া।
সুতরাং, শুধু জাতীয় পরিচয়পত্রের বিনিময়ে মাত্র ১০ মিনিটে গ্রামীণ ব্যাংকের অনলাইনভিত্তিক ঋণ প্রদানের দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণামূলক।
তথ্যসূত্র
- Whois Website
- Grameen Bank -গ্রামীণ ব্যাংক Facebook Post: অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকুন
- Statement of Sohel Rana Sobuj, Media Co-ordinator, Grameen Bank
- Rumor Scanner’s Analysis


