নতুন কুঁড়ির নামে ব্লু টিকধারী ভুয়া পেজ থেকে ‘মুজিবের হত্যাকারী জিয়াউর রহমান’ মন্তব্য প্রচার

সম্প্রতি, বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ির অফিসিয়াল পেজ থেকে ফেসবুকের একটি পোস্টে ‘মুজিবের হত্যাকারী জিয়াউর রহমান’ শীর্ষক কমেন্ট করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট প্রচার করা হয়েছে। প্রচারিত স্ক্রিনশটটি সূক্ষ্মভাবে লক্ষ্য করলে নতুন কুঁড়ির লোগোর পাশে ব্লু টিক চিহ্ন দেখতে পাওয়া যায়। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ওই মন্তব্যকারী পেজটি নতুন কুঁড়ির আসল পেজ নয়। প্রকৃতপক্ষে, নতুন কুঁড়ির নামের পরিচালিত এই পেজটি ভুয়া। পেজটিতে পেইড ব্লু টিক নেওয়ায় অনেকে পেজটি আসল ভেবে বিভ্রান্ত হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে গত ১৪ জুন প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিকে ‘নতুন কুঁড়ি’ নামের আলোচিত ওই পেজটির লিংক যুক্ত করে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে জানানো হয় এর সাথে বিটিভির কোনো সম্পৃক্ততা নেই। পেজটি ভুয়া।

এছাড়াও দর্শকদের বিভ্রান্তি এড়াতে পোস্টটিতে নতুন কুঁড়ির অফিসিয়াল পেজের লিংকও যুক্ত করে দেওয়া হয়েছে। উভয় পেজগুলো পর্যালোচনা করে দেখা যায়, পেজ দুটির প্রোফাইলে একই ছবি ব্যবহার করা হলেও নতুন কুঁড়ির অফিসিয়াল পেজের নাম ইংরেজিতে লেখা ‘BTV Notun Kuri’ অপরদিকে ভুয়া পেজটির নাম বাংলায় ‘নতুন কুঁড়ি’। পাশাপাশি লক্ষ্য করা যায়, অফিসিয়াল পেজে মেটা ভেরিফাইড ব্লু টিক না থাকলেও ভুয়া পেজটিতে তা রয়েছে। ধারণা করা যাচ্ছে, ব্লু টিকের কারণেই এই বিভ্রান্তি ছড়াচ্ছে।

উল্লেখ্য, নতুন কুঁড়ি বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক একটি জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা। অনুষ্ঠানটি মূলত শিশু শিল্পীদের গান, আবৃত্তি, অভিনয়, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক দক্ষতা প্রদর্শনের একটি মাধ্যম হিসেবে পরিচিত।

সুতরাং, ‘নতুন কুঁড়ি’-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পাবলিক পোস্টে ‘মুজিবের হত্যাকারী জিয়াউর রহমান’ শীর্ষক কমেন্ট করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Bangladesh Television Facebook Post
  • BTV Notun Kuri Official Page
Share: