জানাপার নামে পরিচালিত ভুয়া পেজ থেকে ড. ইউনূসকে পাঁচ বছর রাখার জন্যে চীন ও যুক্তরাষ্ট্রের লিগ্যাল নোটিশ পাঠানোর ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার জন্যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে দাবিতে জাতীয় নাগরিক পার্টির বরাতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমপ প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

সূত্র উল্লেখ ব্যতিত একই দাবিতে ফেসবুকে প্রচারিত আরো কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্যে চীন এবং যুক্তরাষ্ট্রের লিগ্যাল নোটিশ পাঠানোর তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, জাতীয় নাগরিক পার্টির নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত ভুয়া একটি ফেসবুক পেজ থেকে উক্ত দাবি সংক্রান্ত একটি পোস্টের পর বিষয়টিকে সত্য ভেবে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

দাবিটির বিষয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির লোগো যুক্ত National Citizen Party – জাতীয় নাগরিক পার্টি নামক একটি ফেসবুক পেজে গত ২০ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৫২ মিনিটে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

কিন্তু পেজটির ট্রান্সপারেন্সি সেকশন যাচাই করে দেখা যায়, উক্ত পেজটি জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল পেজের মতো গত ২৭ ফেব্রুয়ারি তৈরি করা হলেও পেজটির নাম একবার পরিবর্তন করা হয়েছে। 

অপরদিকে জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল পেজটি তৈরির সময় থেকেই National Citizen Party – NCP নামে পরিচালিত হয়ে আসছে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল পেজটি ফেসবুক ভেরিফাইড কিন্তু আলোচিত দাবিটি প্রচারকারী ভুয়া পেজটি ভেরিফাইড নয়। 

অর্থাৎ, জাতীয় নাগরিক পার্টির নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার জন্যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লিগ্যাল নোটিশ পাঠানোর তথ্য প্রচার করা হচ্ছে।

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • National Citizen Party – জাতীয় নাগরিক পার্টি Fake Facebook Page
  • National Citizen Party – জাতীয় নাগরিক পার্টি Fake Facebook Page Post
  • National Citizen Party – NCP Original Facebook Page
  • Rumor Scanner’s Analysis
Share: