ব্যারিস্টার সুমনের কারামুক্তি ও শেখ মুজিবের মাজারে শ্রদ্ধা জানানোর গুজব, নেপথ্যে ভুয়া ফেসবুক পেজ 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বক্তব্যের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে– ‘অন্ধকার মেঘ কেটে সুদিন আমাদের দরজায় কড়া নাড়ছে। জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ! মনে রাখবেন, ৫ই আগস্টের পর যারা জীবনের মায়া ত্যাগ করে, রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে কিংবা প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন—আপনারাই এই দলের প্রকৃত সম্পদ। আপনাদের এই অসীম ত্যাগ আর সাহসিকতা কখনও বিস্মৃত হবে না। এখনই সময় চূড়ান্ত প্রস্তুতির। জননেত্রীর নির্দেশনায় যেকোনো মূল্যে দেশবিরোধী শক্তির মনোবল ভেঙে চুরমার করে দিতে হবে।’

এছাড়া, ‘সমগ্র বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ ৫ আগষ্ট পরবর্তী সকল মবের মামলা দায়ের করতে সাহস নিয়ে এগিয়ে আসুন। আদালতে আমি লড়বো।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও এবং জামিনে মুক্তি পেয়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার সুমন কারামুক্তি পাননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবির ভিডিও দুইটির একটি ২০২৪ সালের এপ্রিল মাসের ও অপরটি একই বছরের অক্টোবর মাসের। এছাড়া, শেখ মুজিবের সমাধিতে শ্রদ্ধা জানানোর ছবিটিও সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২৪ সালের জানুয়ারি মাসের ছবি।

অনুসন্ধানে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২৪ সালের ২২ এপ্রিল এবং একই বছরের ২২ অক্টোবর প্রচারিত পৃথক দুইটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও দুইটির সাথে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিও দুইটির মিল রয়েছে।

অর্থাৎ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বক্তব্যের ভিডিওগুলো সাম্প্রতিক সময়ের নয়।

পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটে ২০২৪ সালের ১১ জানুয়ারি “বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ব্যারিস্টার সুমন” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে জয়লাভ করেছিলেন ব্যারিস্টার সুমন। নির্বাচনে জয়লাভের পর তিনি ১১ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেই সময়কার ছবি এটি।

সম্প্রতি ব্যারিস্টার সুমন মুক্তি পেয়েছেন কি না এ বিষয়ে অনুসন্ধানে গত ১১ মে ‘বিডিনিউজ২৪’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, চব্বিশের জুলাই আন্দোলনের মধ্যে মিরপুরে এক যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের হাই কোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার (১১ মে) এ আদেশ দেন। তবে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলে আইনজীবী জানিয়েছেন।

অর্থাৎ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিনে মুক্তি পাননি।

পরিশেষে আলোচিত দাবিগুলো যে ফেসবুক পেজ থেকে প্রচারিত হচ্ছে সেই পেজটি নিয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, পেজটির নাম ‘ব্যারিস্টার সায়েদুল হক সুমন’। এটিতে ১৯০০ ফলোয়ার যুক্ত রয়েছে এবং মাত্র ০৭টি পোস্ট করা হয়েছে। পেজটি খোলা হয়েছে, গত বছরের ০৬ নভেম্বর। তখনও ব্যারিস্টার সুমন কারাগারে ছিলেন।

অন্যদিকে, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের অফিসিয়াল ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, সেটিতে প্রায় চুয়ান্ন লাখ ফলোয়ার রয়েছে এবং ৪৭০০টি পোস্ট করা হয়েছে। সর্বশেষ পোস্ট করা হয়েছে ২০২৪ সালের ২২ অক্টোবর। পেজটি খোলা হয়েছে ২০১৪ সালের ২৪ মার্চ৷

অর্থাৎ, আলোচিত পেজটি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া পেজ।

সুতরাং, ২০২৪ সালে ভিন্ন প্রেক্ষিতে দেওয়া ব্যারিস্টার সুমনের বক্তব্য ও তখন শেখ মুজিবের সমাধিতে শ্রদ্ধা জানানোর ছবিটিকে সাম্প্রতিক সময়ে তিনি কারামুক্তি মুক্তি পেয়ে এসব কার্যক্রম করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: