সম্প্রতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে আলোচিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর দোয়ারত অবস্থার দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ মুজিবুর রহমানের ছবির সাথে গিয়াস উদ্দিন তাহেরীর দোয়ারত ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এটি সর্বপ্রথম গিয়াস উদ্দিন তাহেরীর নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়; পরবর্তীতে নেটিজেনরা বাস্তব ভাবা শুরু করেন।
গিয়াস উদ্দিন তাহেরী শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দোয়া করলে এবং তা জনসম্মুখে হলে গণমাধ্যমে ফলাও করে সংবাদ আকারে প্রকাশ হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি গিয়াস উদ্দিন তাহেরীর অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, উক্ত ছবিটি এআই দিয়ে তৈরি।

এরপর আলোচিত ছবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে “গিয়াস উদ্দিন তাহেরী” নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৩ মার্চ সকাল ১১টা ৪৮ মিনিটে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ছবিটি পাওয়া যায়। পোস্টে থাকা ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনির লোগো রয়েছে।

পরিশেষে, আলোচিত পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি গত ১৭ মার্চ খোলা একটি পেজ। এটিতে মাত্র ১৯ হাজার ৪শো জনের মত ফলোয়ার রয়েছে। অন্যদিকে, গিয়াস উদ্দিন তাহেরীর অফিসিয়াল ফেসবুক পেজটি ২০১৯ সালের ২৬ জানুয়ারি খোলা হয়েছে এবং এটিতে ফলোয়ার রয়েছে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার।
অর্থাৎ, আলোচিত ছবিটি প্রচারকারী পেজটি গিয়াস উদ্দিন তাহেরীর নাম ও ছবি ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক পেজ।
সুতরাং, শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দোয়ারত গিয়াস উদ্দিন তাহেরীর ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Mufti Gias Uddin Tahery- Facebook Page
- গিয়াস উদ্দিন তাহেরী- Facebook Page
- গিয়াস উদ্দিন তাহেরী- Facebook Post


