আওয়ামী লীগ ছাড়া এই দেশ কেউ ঠিক রাখতে পারবে না শীর্ষক মন্তব্য করেননি উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ‘আওয়ামী লীগ ছাড়া এই দেশ কেউ ঠিক রাখতে পারবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আরটিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত এক্স পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ),

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি এবং আরটিভিও এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, আসিফ নজরুলকে নিয়ে প্রচারিত আরটিভির ভিন্ন সংবাদের একটি ফটোকার্ডকে সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আরটিভির লোগো এবং এটি প্রকাশের দিন হিসেবে ১৯ সেপ্টেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে জড়িয়ে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, আরটিভি এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টে ভিন্নতা পরিলক্ষিত হয়। তবে, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকর্ডটিতে থাকা ছবির সাথে গত ১৯ সেপ্টেম্বর আরটিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডের ছবির সাথে মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘আসিফ নজরুল বলেন, সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। যারা গণহত্যা চালিয়েছে, হাজারের ওপর মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সঙ্গে আলোচনা হবে না। এটা আমাদের পরিষ্কার বক্তব্য।

আরও উল্লেখ করা হয়, ‘এ সময় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনা হবে কি না জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।’

সুতরাং, উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জড়িয়ে ‘আওয়ামী লীগ ছাড়া এই দেশ কেউ ঠিক রাখতে পারবে না’ শীর্ষক শিরোনামে আরটিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সুতরাং, উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জড়িয়ে ‘আওয়ামী লীগ ছাড়া এই দেশ কেউ ঠিক রাখতে পারবে না’ শীর্ষক শিরোনামে আরটিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

হালনাগাদ/ Update

১৪ অক্টোবর, ২০২৪ : ফ্যাক্টচেকের রেটিং ফলস বা মিথ্যা থেকে অল্টারর্ড বা বিকৃত হিসেবে পরিবর্তন করা হয়েছে।

Share: