সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। সেখানে শিরোনামে লেখা হয়েছে, ‘তারেক রহমান তার মা ভাইকে বাঁচাতে পারে নাই, আমার স্বামীকে ফাঁসির দড়ি থেকে বাঁচালো কেমনে, ৫ আগষ্ট ছাত্র জনতার উছিলায় আমার স্বামী বাঁচতে পারছে : বাবরের স্ত্রী’

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত পোস্টটি এ পর্যন্ত প্রায় ২ লাখ বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমান তার মা ভাইকে বাঁচাতে পারে নাই, আমার স্বামীকে ফাঁসির দড়ি থেকে বাঁচালো কেমনে, ৫ আগষ্ট ছাত্র জনতার উছিলায় আমার স্বামী বাঁচতে পারছে : বাবরের স্ত্রী’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ফটোকার্ডে সংযুক্ত বাবরের স্ত্রীর সাক্ষাৎকার প্রদানকৃত ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট, বানান ও ফটোকার্ডের ডিজাইনের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ছবি যাচাই
আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে যুগান্তর পত্রিকার ওয়েবসাইটে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর ‘বাবরের স্ত্রীর মিছিলে আ’লীগ-পুলিশের বাধা, গুলিবর্ষণ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। ছবির ক্যাপশনে এটিকে ‘ফাইল ছবি’ উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ছবিটি আরও পূর্বের সময়ের হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, বাবরের স্ত্রীর বক্তব্য দাবি করে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Jugantor – বাবরের স্ত্রীর মিছিলে আ’লীগ-পুলিশের বাধা, গুলিবর্ষণ
- Rumor Scanner’s Analysis


