‘আমার হেরে যাওয়া মানে ইসলামের হেরে যাওয়া’ বলে মন্তব্য করেননি কৃষ্ণ নন্দী

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দীর ছবি সংযুক্ত করে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে তিনি বলেছেন, ‘আমার হেরে যাওয়া মানে ইসলামের হেরে যাওয়া’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমার হেরে যাওয়া মানে ইসলামের হেরে যাওয়া’ বলে মন্তব্য করেননি কৃষ্ণ নন্দী। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘বাংলা ভিষন টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ ফেব্রুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘GojobVision’ এর লোগো রয়েছে।

‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, কৃষ্ণ নন্দী আলোচিত মন্তব্যটি না করলেও জাতীয় দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নিবার্চনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেছেন- হিন্দুদের বলা হয়, জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এই দেশে থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। আমি বলতে চাই জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের এই দেশে জামাই আদরে রাখবে।
কৃষ্ণ নন্দী আরও বলেন, জামায়াতে ইসলামী কখনও টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে কেনা যায় হাটের গরু, ছাগল ও হাঁস-মুরগি। আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরওয়ার ভাইয়ের আসন থেকেও বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না।
সুতরাং, ‘আমার হেরে যাওয়া মানে ইসলামের হেরে যাওয়া’ শীর্ষক মন্তব্য কৃষ্ণ নন্দী করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- GojobVision – Facebook Post
- Rumor Scanner’s analysis

