‘পাটোয়ারী আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলেছে’ বলে মন্তব্য করেননি মির্জা আব্বাস

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছবি সংযুক্ত করে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে তিনি বলেছেন, ‘পাটোয়ারী আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলেছে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটিতে এককভাবে প্রায় সাড়ে ৯ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পাটোয়ারী আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলেছে’ বলে মন্তব্য করেননি মির্জা আব্বাস। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘Janina Television’ নামের একটি ফেসবুক পেজে গত ৪ ফেব্রুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘Janina Television’ এর লোগোর অংশ বাদ দেওয়া হয়েছে।

‘Janina Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, মির্জা আব্বাস আলোচিত মন্তব্যটি না করলেও জাতীয় দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, `মানুষ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু তার নির্বাচনী এলাকায় এমন একজন প্রার্থী আছেন, যিনি দিনের শুরুতেই তার নাম নিয়ে কথা বলেন। তিনি বলেন, অতীতে তিনি আরও শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নির্বাচন করেছেন, কিন্তু তখন একে অপরের বিরুদ্ধে বিষোদগার করা হয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, “এখন সারাদিন তার নাম নিয়ে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে এবং তাকে উত্তেজিত করার চেষ্টা চলছে। তবে তিনি এসব নিয়ে বিচলিত নন উল্লেখ করে বলেন, তিনি জীবনে বহু নির্বাচন মোকাবিলা করেছেন। আবারও উল্লেখ করেন, এসব প্রার্থী তার সন্তানের মতো—“ওরা এখনো বাচ্চা ছেলে।’’
সুতরাং, ‘পাটোয়ারী আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলেছে’ শীর্ষক মন্তব্য মির্জা আব্বাস করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Janina Television – Facebook Post
- Rumor Scanner’s analysis

