‘পুলিশ হত্যায় বিএনপির নেতাকর্মী জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না’ শীর্ষক মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি, ‘পুলিশ হত্যায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত হলেও ছাড় না দেয়ার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রীর’ শিরোনামে নিউজ২৪-এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে নিউজ২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, নিউজ২৪-এর ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে নিউজ ২৪-এর লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৮ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৮ ফেব্রুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও গণমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি নিউজ২৪-এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অন্যদিকে, গত ১ মার্চ সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি।
সুতরাং, ‘পুলিশ হত্যায় বিএনপির নেতাকর্মী জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না’ শীর্ষক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মন্তব্য দাবিতে নিউজ ২৪-এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- News24 – Facebook Page
- News24 – Website
- News24 – YouTube Channel
- The Daily Star – গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী
- Rumor Scanner’s Analysis

