বিএনপিকে জড়িয়ে সারজিস আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে, সারজিস আলম ‘আমার সাজানো গোছানো দেশটা বিএনপি ধ্বংস করে ফেলছে’ শীর্ষক মন্তব্য করেছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমার সাজানো গোছানো দেশটা বিএনপি ধ্বংস করে ফেলছে’ শীর্ষক মন্তব্য করেননি সারজিস আলম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’-এর লোগোর আদলে তৈরি ‘Janina Television’ নামের একটি ফেসবুক পেজে গত ২১ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।

‘Janina Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘আমার সাজানো গোছানো দেশটা বিএনপি ধ্বংস করে ফেলছে।’ শীর্ষক মন্তব্য সারজিস আলম করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Janina Television – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: