স্বাধীনতা দিবস উপলক্ষে আ.লীগের মিছিল দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের মিছিল শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের মিছিল’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো দেখা যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে সম্প্রতি এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, যমুনা টিভি এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ছবি যাচাই

আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে, উইকিমিডিয়া কমন্সের ওয়েবসাইটে ২০২৪ সালের ০৫ আগস্ট প্রকাশিত একই ছবি পাওয়া যায়। ছবির বর্ণনা থেকে জানা যায়, এটি সে সময় শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে বিজয় মিছিলের দৃশ্য।

সুতরাং, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের মিছিল’ দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: