জামায়াত ক্ষমতায় আসলে সমকামীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত মন্তব্য করেননি ডা. শফিকুর

সম্প্রতি, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে ‘জামায়াত ক্ষমতায় আসলে নারী পুরুষের সমান অধিকার ও সমকামীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে আমার দেশও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম আমার দেশের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘০২ফেব্রুয়ারি , ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ০২ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ০২ ফেব্রুয়ারিতে ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে ‘জামায়াত নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। আমার দেশের মূল ফটোকার্ডটিতে ‘জামায়াত নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জামায়াত ক্ষমতায় আসলে নারী পুরুষের সমান অধিকার ও সমকামীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের বরাতে বলা হয়,‘ আমি জামায়াত ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সবার বিজয় হলে আমিও তাতে বাদ পড়ব না। আমরা বিজয়ী হলে কুতুবদিয়াবাসী মন্ত্রী পাবে। এখন অপনারা সবাই ঠিক করেন– এমপি নেবেন, না মন্ত্রী নেবেন।’ প্রতিবেদন সুত্রে জানা যায় গত ০২ ফেব্রুয়ারিত (সোমবার) দুপুরে কক্সবাজারে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ বক্তব্য রাখেন।
সুতরাং, ডা. শফিকুর রহমান ‘জামায়াত ক্ষমতায় আসলে নারী পুরুষের সমান অধিকার ও সমকামীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Amar Desh- Facebook Post

