দাঁড়িপাল্লায় ভোট না দিলে আসতে পারে রগ কাটা কর্মসূচি দাবিতে আমার দেশের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে ‘৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির দাঁড়ি পাল্লায় ভোেট না দিলে আসতে পারে রগ-কাটা কর্মসূচি’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে আমার দেশও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম আমার দেশের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘০৪ ফেব্রুয়ারি , ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ০৪ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ০৪ ফেব্রুয়ারিতে ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে ‘৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। আমার দেশের মূল ফটোকার্ডটিতে ‘৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির দাঁড়ি পাল্লায় ভোট না দিলে আসতে পারে রগ-কাটা কর্মসূচি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে দলটি।
সুতরাং, ‘৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির দাঁড়ি পাল্লায় ভোট না দিলে আসতে পারে রগ-কাটা কর্মসূচি’ শীর্ষক দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Amar Desh- Facebook Post

