সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর “জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি করে তার দায় দিচ্ছে বিএনপির উপর” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘This page publishes viral and trending topics in an entertainment news format. প্রচার করা পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে আমাদের পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্য সমর্থিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম ‘জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি করে তার দায় দিচ্ছে বিএনপির উপর’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Mirza Fakhrul Islam Alamgir- Facebook Account
- Rumor Scanner’s analysis


