‘১২ ফেব্রুয়ারি বিএনপির জানাজা ও দাফন হবে’ শীর্ষক মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেননি, প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ ‘১২ ফেব্রুয়ারি বিএনপির জানাজা ও দাফন হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বাংলাভিশন এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘১২ ফেব্রুয়ারি বিএনপির জানাজা ও দাফন হবে: হাসনাত আবদুল্লাহ’ শিরোনামে বাংলাভিশন কোনো ফটোকার্ড প্রচার করেনি বরং, বাংলাভিশন এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে বাংলাভিশন এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ০২ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ০২ ফেব্রুয়ারি ‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে: হাসনাত আবদুল্লাহ’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বাংলাভিশনের মূল ফটোকার্ডটিতে ‘‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে: হাসনাত আবদুল্লাহ’ বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘১২ ফেব্রুয়ারি বিএনপির জানাজা ও দাফন হবে: হাসনাত আবদুল্লাহ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, বাংলাভিশনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘১২ ফেব্রুয়ারি বিএনপির জানাজা ও দাফন হবে: হাসনাত আবদুল্লাহ’ শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Bangla Vision- Facebook Page
- Bangla Vision- YouTube
- Bangla Vision- Facebook Post

