‘৫ আগষ্টের পর ১২ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে আমার জীবনের সব চেয়ে কলঙ্কময় দিন’ মন্তব্য করেননি হাসিনা, বার্তা বাজারের নামে ভুয়া ফটোকার্ড 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তার ছবিসহ বার্তা বাজারের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, শেখ হাসিনা বলেছেন- ‘৫ আগষ্টের পর ১২ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে আমার জীবনের সব চেয়ে কলঙ্কময় দিন’।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে বার্তা বাজার এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং শেখ হাসিনাও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বার্তা বাজারের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে বার্তা বাজারের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ০৯ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, নির্বাচন নিয়ে শেখ হাসিনার মন্তব্য দবিতে বার্তা বাজারের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: