নির্বাচনের পরে বিএনপি চাঁদাবাজি কমিয়ে দিবে শীর্ষক মন্তব্য করেননি মির্জা ফখরুল

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের পরে বিএনপি চাঁদাবাজি কমিয়ে দিবে।’ এরুপ পোস্ট প্রচার করে ক্যাপশনে লেখা হয়, ‘বিএনপি নির্বাচনের পরে চাঁদাবাজি করবে না বলে জানিয়েছেন মীর্জা ফখরুল।’

উল্লেখ্য, প্রচারিত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর আসল ওয়েবসাইট লিঙ্ক (www.bvnews24.com) এর সংযুক্তি পাওয়া যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচনের পরে বিএনপি চাঁদাবাজি কমিয়ে দিবে শীর্ষক মন্তব্য করেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হ‌ওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘Chandavision’ নামের একটি লোগোর সংযুক্তি পাওয়া যায়।

এর‌ই সূত্র ধরে অনুসন্ধানে ‘Chandavision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চান্দা’ নামের একটি ফেসবুক পেজে ১৩ জানুয়ারি আলোচিত ফটোকার্ডটি  পোস্ট হতে দেখা যায়।

‘Chandavision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চান্দা’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘খবরের পেছনের খবর তুলে আনাই আমাদের কাজ। সত্য ১০%, বিনোদন ৯০%।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরুপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হ‌ওয়া যায় যে পোস্টটি মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, আলোচিত পোস্টটির মূল সূত্রপাত ব্যাঙ্গাত্মক ফেসবুক পেজ ‘Chandavision’ থেকে হলেও প্রচারিত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর আসল ওয়েবসাইট লিঙ্ক (www.bvnews24.com) সংযুক্ত করা হয়েছে। কিন্তু, প্রকৃতপক্ষে বাংলাভিশন এর ফেসবুক পেজ বা ওয়েবসাইটে আলোচিত দাবিতে কোনো সংবাদ প্রকাশ করা হয়নি এবং মির্জা ফখরুলও এরূপ কোনো মন্তব্য করেননি।

সুতরাং, নির্বাচনের পরে বিএনপি চাঁদাবাজি কমিয়ে দিবে শীর্ষক মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
  • Chandavision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চান্দা – Facebook post
Share: