এনসিপি নেত্রী মাহমুদা মিতু ও মিশমা ধর্ষণের শিকার হয়েছেন দাবিতে চ্যানেল২৪ এর ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “রাতে বাসায় ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই যোদ্ধা ডাঃ মাহমুদা মিতু” ও ‘বাসায় ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চট্টগ্রাম ১০ আসনের এমপি প্রার্থী ও এনসিপি নেত্রী সাগুফতা মিশমা’ শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সম্বলিত দুটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

১ম দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

২য় দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “রাতে বাসায় ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই যোদ্ধা ডাঃ মাহমুদা মিতু” ও ‘বাসায় ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চট্টগ্রাম ১০ আসনের এমপি প্রার্থী ও এনসিপি নেত্রী সাগুফতা মিশমা’ শীর্ষক তথ্যে বা শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে চ্যানেল২৪ এর এই ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো এবং প্রকাশের তারিখ ২৮ ও ২৪ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনামগুলো সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবিগুলোর বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

পরবর্তীতে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টে ড. মাহমুদা মিতু ধর্ষণের শিকার দাবিতে প্রচারিত ফটোকার্ডটিকে ভুয়া বলে জানানো হয়।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দলটির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু।

সুতরাং, “রাতে বাসায় ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই যোদ্ধা ডাঃ মাহমুদা মিতু” ও ‘বাসায় ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চট্টগ্রাম ১০ আসনের এমপি প্রার্থী ও এনসিপি নেত্রী সাগুফতা মিশমা’ শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: