জবিতে অস্ত্রসহ সাদিক কায়েমের দুলাভাই আটক দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

গতকাল (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে, ‘জবি থেকে সাদিক কায়েমের দুলাভাই কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।’ শিরোনামে আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

আমার দেশের ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জবি থেকে সাদিক কায়েমের দুলাভাইকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।’ শীর্ষক তথ্যে বা শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২০ সালের ভিন্ন একটি ঘটনার ছবি যুক্ত করে প্রথমে আলোচিত দাবিটি একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়। পরবর্তীতে আমার দেশের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং ‘Goromtvnews’ শীর্ষক লেখা রয়েছে। এছাড়া, প্রকাশের তারিখ হিসেবে ০৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

পরবর্তীতে লোগো এবং প্রকাশের তারিখের সূত্র ধরে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

এরপর আলোচিত ফটোকার্ডটিতে ‘Goromtvnews’ শীর্ষক লিখার সূত্র ধরে অনুসন্ধান করে আলোচিত দাবিটির সূত্রপাত খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। ‘Gorom Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৬ জানুয়ারি বিকেল তিনটায় উক্ত দাবিতে প্রচারিত প্রথম পোস্টটি পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

তারপর, ‘Gorom Tv’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, পেজটির বায়োতে উল্লেখ রয়েছে ‘যে এটি সার্কাজম পেজ’।

পরিশেষে আলোচিত দাবির সাথে প্রচারিত ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাংলানিউজ২৪ এর ফেসবুক পেজে ২০২০ সালের ০৪ ডিসেম্বর প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল রয়েছে। 

বাংলানিউজ২৪ এর পোস্টে বলা হয়েছে, ২০২০ সালের ০৪ ডিসেম্বর বায়তুল মোকাররমের সামনে ভাস্কর্যবিরোধী মিছিল থেকে পুলিশ কর্তৃক একজনকে টেনে নিয়ে যাওয়ার ছবি এটি।

অর্থাৎ, ছবিটি অন্তত ছয় বছরের পুরোনো।

ছবিটি সাদিক কায়েমের দুলাভাইয়ের কি না সেবিষয়ে জানতে সাদিক কায়েমের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, ‘এই দাবিটি ভুয়া।’

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ভিন্ন ব্যক্তির পুরোনো ছবি যুক্ত করে ‘জবি থেকে সাদিক কায়েমের দুলাভাইকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ’ শীর্ষক দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: