ভারতের কাছে তারেক রহমানের মুচলেকার বিষয়ে মির্জা আব্বাসের নামে সম্পাদিত ফটোকার্ড ও ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছবি সংযুক্ত করে মির্জা আব্বাসের বক্তব্য দাবিতে অনলাইন সংবাদমাধ্যম বিডি টুডে’র ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডে দাবি করা হয়েছে, মির্জা আব্বাস বলেছেন, ‘ভারতের সাথে আমাদের আত্মার সম্পর্ক | ভারতের কাছে তারেক রহমান মুসলেকা দিয়ে দেশে আসছে তাতে কি হয়েছে! দেশে আসার পর তার নাগরিকত্ব ফিরে পেয়েছে এটাইতো জিয়া পরিবারের জন্য যথেষ্ট।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের কাছে তারেক রহমানের মুচলেকার বিষয়ে আলোচিত তথ্যে বা শিরোনামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য দাবিতে বিডি টুডে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিডি টুডে’র ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, মির্জা আব্বাসও এরূপ কোনো মন্তব্য করেননি। 
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘বিডি টুডে’ এর লোগোর উল্লেখ রয়েছে। 

বিডি টুডে’র লোগোর সূত্র ধরে বিডি টুডে’র ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও বিডি টুডে’র ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, গত ১৭ জানুয়ারিতে “স্বাধীনতাবিরোধী দের সাথে নামাজও পড়তে চাই না আমি” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এছাড়াও, একই দিনে একই ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনে তৈরি বিডি টুডে’র আরেকটি ফটোকার্ডও পাওয়া যায়। উল্লিখিত আসল ফটোকার্ডগুলোর একটির শিরোনাম পরিবর্তন করে তাতে আলোচিত শিরোনাম লেখা হয়েছে।

অর্থাৎ, বিডি টুডে এর ভিন্ন এক ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ভারতের কাছে তারেক রহমানের মুচলেকার বিষয়ে মির্জা আব্বাসের মন্তব্য দাবিতে বিডি টুডে’র নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: