‘নারীরা এখন সম্পূর্ণ স্বাধীন তারা তলোয়ার হাতে যুদ্ধ করবে’ বলে মন্তব্য করেননি আফরোজা আব্বাস

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ‘নারীরা এখন সম্পূর্ণ স্বাধীন তারা তলোয়ার হাতে যুদ্ধ করবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নারীরা এখন সম্পূর্ণ স্বাধীন তারা এখন তলোয়ার হাতে যু’দ্ধ করবে’ শীর্ষক মন্তব্য করেননি আফরোজা আব্বাস। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ৭ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘আশার আলো’ এর লোগো রয়েছে।
‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পৃষ্ঠাটি বিনোদনমূলক সংবাদ বিন্যাসে ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলি প্রকাশ করে। প্রচার করা পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে আমাদের পরিবারের সাথেই থাকুন।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, আফরোজা আব্বাস আলোচিত মন্তব্যটি না করলেও গত ৭ মার্চ জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সূত্রে জানা যায়, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার পর নারীদের মূল্যায়ন না হলে কষ্ট থেকে যায় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, নারীদের যথাযথ মূল্যায়ন করা হলে দেশ দ্রুত এগিয়ে যাবে। এতে দেশের মানুষও শান্তিতে বসবাস করতে পারবে।
শনিবার (৭ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, আমরা নারীরা রাষ্ট্র ও দেশের প্রয়োজনে ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলাম। এখন যখন দেখি আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, তখন অনেক কষ্ট হয়।
সুতরাং, আফরোজা আব্বাস ‘নারীরা এখন সম্পূর্ণ স্বাধীন তারা এখন তলোয়ার হাতে যু’দ্ধ করবে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- আশার আলো – Facebook Post
- Rumor Scanner’s analysis

