জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় মুসল্লিদের জুতা নিক্ষেপ দাবিতে নাগরিক টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘সব দল দেখলেন এবার জামায়াতে ভোট দিন বলার পরপরই জুতা নিক্ষেপ মুসল্লিদের’ শিরোনামে সংবাদমাধ্যম নাগরিক টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সব দল দেখলেন এবার জামায়াতে ভোট দিন বলার পরপরই জুতা নিক্ষেপ মুসল্লিদের’ শিরোনামে নাগরিক টিভি কোনো ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নাগরিক টিভির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। এছাড়াও, প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত ছবিটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার ছবি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম নাগরিক টিভি’র লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১০ ডিসেম্বরের উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবিতে প্রচারিত এমন কোনো ফটোকার্ড প্রকাশের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডের ফন্ট, ফন্টের আকার, ফন্টের গাঢ়ত্ব ও লাইন স্পেসে খানিকটা অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রের বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম সময় টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ‘বায়তুল মোকাররমের ঘটনায় নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত ছবির মিল পাওয়া যায়। এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মসজিদে অনুপস্থিত খতিব মাওলানা মুফতি রুহুল আমিন এবং তার অনুসারীদের সঙ্গে সাধারণ মুসল্লিদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এছাড়াও, সংবাদমাধ্যম ইত্তেফাক এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনেও আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায় এবং বায়তুল মোকাররমে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনার দৃশ্যের উল্লেখ পাওয়া যায়।
সুতরাং, ‘সব দল দেখলেন এবার জামায়াতে ভোট দিন বলার পরপরই জুতা নিক্ষেপ মুসল্লিদের’ দাবিতে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Somoy TV – বায়তুল মোকাররমের ঘটনায় নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা
- Ittefaq – বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা

