শিবির তারেক রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছে দাবিতে কুমিল্লা নিউজের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভাঙচুর করল শিবির” শিরোনামে কুমিল্লা নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তারেক রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছে দাবিতে কুমিল্লা নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কুমিল্লা নিউজ কর্তৃক প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজাইন প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কুমিল্লা নিউজের প্রচলিত ফটোকার্ডের ডিজাইন এবং এটি প্রকাশের তারিখ ৫ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।
পরবর্তীতে কুমিল্লা নিউজের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এরূপ কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, কুমিল্লা নিউজের ফেসবুক পেজে গত ৫ ডিসেম্বর ‘খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভা’ঙ’চুর করল ছাত্রদল’ শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কুমিল্লা নিউজের মূল ফটোকার্ডটিতে ‘খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভাঙচুর করল ছাত্রদল’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভাঙচুর করল শিবির’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, কুমিল্লা নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কুমিল্লা নিউজের পোস্টে মন্তব্যের ঘরে উল্লেখ করা হয়, ৪ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের একাংশের বিরুদ্ধে। এ সময় হামলা করে ওয়ার্ড ছাত্রদলের কার্যালয়ও ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
একই তথ্য জানা যায় মূলধারার একাধিক গণমাধ্যম (১,২,৩) থেকেও।
সুতরাং, ‘খালেদা জিয়া তারেক রহমানের ছবি ভাঙচুর করল শিবির’ শীর্ষক দাবিতে কুমিল্লা নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Cumilla News: Facebook Post
- Rumor Scanner’s own analysis

