প্রাথমিকের নিয়োগের প্রশ্নফাঁসে জামায়াত কর্মী গ্রেপ্তার দাবিতে ডেইলি ক্যাম্পাসের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘প্রাথমিকের নিয়োগের প্রশ্নফাঁসে জামায়াত কর্মী গ্রেপ্তার’ শীর্ষক ক্যাপশনে ডেইলি ক্যাম্পাসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পরীক্ষার আগের দিন প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দুই জামায়াত কর্মী গ্রেফতার’ শীর্ষক শিরোনামে ডেইলি ক্যাম্পাস কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ডেইলি ক্যাম্পাসের লোগো এবং এটি প্রকাশের তারিখ ০৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে গত ০৮ জানুয়ারি প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে গত ০৮ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের প্রকাশকাল, ফটোকার্ডে থাকা ছবি, শিরোনামের কিছু অংশ এবং ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ফটোকার্ডটিতে ‘পরীক্ষার আগের দিন প্রাথমিকের নিয়োগের প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামের জায়গায় ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘পরীক্ষার আগের দিন প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দুই জামায়াত কর্মী গ্রেফতার’ শিরোনাম যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, ডেইলি ক্যাম্পাসের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
মূল ফটোকার্ড সংবলিত ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একাধিক উন্নতমানের ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।
একই দিন দুপুরে নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। পরে বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানান।
সুতরাং, ‘পরীক্ষার আগের দিন প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দুই জামায়াত কর্মী গ্রেফতার’ শিরোনামে ডেইলি ক্যাম্পাসের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Campus- Facebook Page
- Daily Campus- Website
- Daily Campus- YouTube Channel
- Daily Campus- পরীক্ষার আগের দিন প্রাথমিকের নিয়োগের প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার
- Daily Campus- Facebook Post

