তামিমকে ভারতের দালাল এবং নিজেকে তামিমের দালাল বলে মন্তব্য করেননি মিঠুন, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে জড়িয়ে তার ছবিসহ গণমাধ্যম একাত্তর টিভি এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয় মিঠুন বলেছেন, ‘আসল কথা হচ্ছে তামিম হইলো ভারতের দালাল আর আমরা তামিমের দালাল’।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে জড়িয়ে একাত্তর টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং মোহাম্মদ মিঠুন‌ও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একাত্তর টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে একাত্তর টিভির লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১৫ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ১৫ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, ‘একাত্তর টিভি’র ফেসবুক পেজে গত ১৫ জানুয়ারিতে মোহাম্মদ মিঠুনের মন্তব্য দাবিতে ”নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয়” শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ‘একাত্তর টিভি’ এর মূল ফটোকার্ডটিতে ‘নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মোহাম্মদ মিঠুন | সভাপতি, কোয়াব’ বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আসল কথা হচ্ছে তামিম হইলো ভারতের দালাল আর আমরা তামিমের দালাল- মিঠুন’ বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন। তার ওই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করে এবং সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে পরবর্তীতে বিসিবি নাজমুলকে বোর্ডের অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট হোননি কোয়াব এবং ক্রিকেটাররা। এরই প্রেক্ষিতে মোহাম্মদ মিঠুন আলোচিত মন্তব্য করেন। এর আগে এম নাজমুল ইসলাম ক্রিকেটার তামিম ইকবালকে উদ্দেশ্য করে ‘ভারতের দালাল’ বলেন।

সুতরাং, মোহাম্মদ মিঠুন ‘আসল কথা হচ্ছে তামিম হইলো ভারতের দালাল আর আমরা তামিমের দালাল’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ‘একাত্তর টিভি’ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: