তারেক রহমান ও গোলাম আজমকে জড়িয়ে ছাত্রদল সভাপতির বক্তব্য দাবিতে একাত্তর টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে উদ্ধৃত করে ‘তারেক রহমান সাহেবের মুচলেকা, এবং নাগরিত্ব বাতিল হয়েছে যেমন সত্য” গোলাম আজম সাহেবরও একসময় নাগরিত্ব বাতিল ছিল। পার্থক্য শুধু মুচলেকা” তারেক রহমান মুচলেকা দিয়েছে, গোলাম আজম মুচলেকা দেই নি।’ শিরোনামে একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত জামায়াত নেতা গোলাম আজমকে জড়িয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ শিরোনামে একাত্তর টিভিও কোনো ফটোকার্ড প্রচার করেনি। বরং, একাত্তর টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে একাত্তর টিভির লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৮জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ১৮ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ১৮ জানুয়ারি ছাত্রদল সভাপতি রাকিব এর মন্তব্য দাবিতে ‘২২ জানুয়ারি থেকে ভোটার প্রচারে নামবে ছাত্রদল’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। একাত্তর টিভির মূল ফটোকার্ডটিতে ‘২২ জানুয়ারি থেকে ভোটার প্রচারে নামবে ছাত্রদল’ বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘তারেক রহমান সাহেবের মুচলেকা, এবং নাগরিত্ব বাতিল হয়েছে যেমন সত্য” গোলাম আজম সাহেবেরও একসময় নাগরিত্ব বাতিল ছিলো। পার্থক্য শুধু মুচলেকা” তারেক রহমান মুচলেকা দিয়েছে, গোলাম আজম মুচলেকা দেয় নি- ছাত্রদল সভাপতি রাকিব’ বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, তারেক রহমান ও গোলাম আজমকে জড়িয়ে ছাত্রদল সভাপতি রাকিবের মন্তব্য দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: