সম্প্রতি, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ছবি সংযুক্ত করে ‘সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের হাদির শেষ ইচ্ছা’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের হাদির শেষ ইচ্ছা’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, ইনকিলাব মঞ্চের জাবেরকে নিয়ে কালের কণ্ঠে প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম কালের কণ্ঠের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৫ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ১৫ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ১৫ ফেব্রুয়ারি আব্দুল্লাহ আল জাবেরের ছবি সংযুক্ত ‘সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের হাদির শেষ ইচ্ছা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এমন আভাস দিয়েছেন মঞ্চের সদস্য ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। প্রতিবেদনের কোথাও জাবেরের প্রার্থী হওয়ার বিষয়টি হাদির শেষ ইচ্ছা বলে দাবি করা হয়নি।
সুতরাং, ‘সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের হাদির শেষ ইচ্ছা’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Kaler Kantho- Facebook Post


