ইরান ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ইনডিপেনডেন্ট টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘দরকার পরে সবটুকু দিয়ে ইরান কে রক্ষা করবেন তারেক রহমান’ শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে জড়িয়ে ইনডিপেনডেন্ট টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইনডিপেনডেন্ট টিভির ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ইনডিপেনডেন্ট টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘০২ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।
সুতরাং, তারেক রহমানকে জড়িয়ে ইনডিপেনডেন্ট টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Independent Tv- Facebook Page
- Independent Tv- Website
- Independent Tv- YouTube

