ইরানের ওপর হামলা প্রসঙ্গে তারেক রহমানের মন্তব্য দাবিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে ‘ইরানের উপর হামলা হলে ইসরায়েল এর কোনো মানচিত্র থাকবে না’ শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরান প্রসঙ্গে তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ০২ মার্চ, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ০২ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Independent Television – Facebook Page
- Independent Television- Website
- Independent Television- YouTube

