‘সঠিক সময়ে জ্বালানী তেল না পেলে আমরা ইরানে হামলা করতে বাধ্য হবো’ শীর্ষক মন্তব্য করেননি ইশরাক হোসেন

সম্প্রতি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ‘সঠিক সময়ে জ্বালানী তেল না পেলে আমরা ইরানে হামলা করতে বাধ্য হবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি ইশরাক হোসেন করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই একটি ভুঁইফোঁড় সাইটে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘https://www.c16archive.blog/?m=1’ নামের এই সাইটটি একটি ভুঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘সঠিক সময়ে জ্বালানী তেল না পেলে আমরা ইরানে হামলা করতে বাধ্য হবো: ইশরাক হোসেন’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশকাল ২৪ মার্চ, ২০২৬ উল্লেখ রয়েছে।
কথিত এই সংবাদে দাবি করা হয়, ‘সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি দেশের জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, নির্ধারিত সময়ে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত না হলে সরকার কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ইরানের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কিন্তু যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমাদের বিকল্প পথ ভাবতে হবে।” তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিশ্লেষকদের মতে, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরান-এর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি সরবরাহ সংক্রান্ত যে কোনো সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। সরাসরি সামরিক হুমকি দেওয়ার মতো বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।’

কথিত এই প্রতিবেদনে কোথায় এবং কখন ইশরাক হোসেন এমন মন্তব্য করেছেন তা উল্লেখ করা হয়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ইশরাক হোসেন এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়া ইশরাক হোসেনের ব্যক্তিগত ফেসবুক পেইজেও উক্ত দাবি সমর্থিত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ‘সঠিক সময়ে জ্বালানী তেল না পেলে আমরা ইরানে হামলা করতে বাধ্য হবো’ শীর্ষক মন্তব্য ইশরাক হোসেন করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ishraque Hossain – Facebook Page
- Rumor Scanner’s Analysis

