চাঁদাবাজি প্রসঙ্গে ইশরাক হোসেনের নামে ভুয়া মন্তব্য প্রচার

ঢাকা-০৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি ইশরাক হোসেন ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজি, ও সন্ত্রাসী অভিযোগ থাকতে পারে এটা স্বাভাবিক।কিন্তু আমি ঢাকা ০৬ এর জনগণের জন্য জান বাজি রেখে কাজ করছি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে গেল জানুয়ারি মাসে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদাবাজি প্রসঙ্গে ইশরাক হোসেন এমন কোনো মন্তব্য করেননি বরং, তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কোনো গণমাধ্যমের নাম কিংবা লোগো পাওয়া যায়নি। পরবর্তীতে ইশরাক হোসেনের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও তার এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি।
তবে, তার ফেসবুক পেজে ‘আমরা অবশ্যই “হ্যাঁ” ভোটের পক্ষে, এটা একদম পরিষ্কার- ইশরাক হোসেন’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ইশরাক হোসেনের ফেসবুক পেজের মূল ফটোকার্ডটিতে ‘‘আমরা অবশ্যই “হ্যাঁ” ভোটের পক্ষে, এটা একদম পরিস্কার’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজি, ও সন্ত্রাসী অভিযোগ থাকতে পারে এটা স্বাভাবিক।কিন্তু আমি ঢাকা ০৬ এর জনগণের জন্য জান বাজি রেখে কাজ করছি- ইশরাক হোসেন’ বাক্য লেখা হয়েছে।
সুতরাং, ইশরাক হোসেনকে উদ্ধৃত করে ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজি, ও সন্ত্রাসী অভিযোগ থাকতে পারে এটা স্বাভাবিক।কিন্তু আমি ঢাকা ০৬ এর জনগণের জন্য জান বাজি রেখে কাজ করছি’
শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Ishraque Hossain- Facebook ID
- Ishraque Hossain- Facebook Post

