রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৬ জামায়াত কর্মী গ্রেফতারের দাবিটি ভুয়া

সম্প্রতি, ‘রাজধানীতে সেনাবাহিনীর অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬ জামায়াত নেতা কর্মী গ্রেফতার।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

উক্ত প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি শেয়ার করা হয়েছে প্রায় আটশ বারেরও বেশি।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীতে সেনাবাহিনীর অভিযান বিপুল মাদক ও দেশীয় অস্ত্রসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মী গ্রেফতারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, চ্যানেল ২৪ এর ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘জনতার দেশ’ শীর্ষক একটি লোগো রয়েছে। তবে, অনুসন্ধানে ‘জনতার দেশ’ নামক কোনো গণমাধ্যমের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া, এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২২ জানুয়ারী, ২০২৬’ উল্লেখ রয়েছে।

পরবর্তীতে ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবি পর্যালোচনা করে এটিতে চ্যানেল ২৪ এর লোগোর কিছু অংশ দেখতে পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে চ্যানেল ২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, চ্যানেল ২৪-এর ফেসবুক পেজে গত ২২ জানুয়ারি ‘রাজধানীতে সেনাবাহিনীর অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবির মিল লক্ষ্য করা যায়। এছাড়াও উভয় ফটোকার্ডে একই স্থানে চ্যানেল ২৪-এর লোগোও দেখতে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, চ্যানেল ২৪-এর এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে অনেকটা আমার দেশের ফটোকার্ডের আদলে তৈরি করে সেটিতে জনতার দেশ নামের লোগো যুক্ত করে ভুয়া ওই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে ফটোকার্ডটির মন্তব্যের ঘরে থেকে প্রাপ্ত বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারি ও সন্ত্রাসীকে আটক করে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে, প্রতিবেদনে আটককৃতদের জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মী গ্রেফতারের দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

  • Channel 24 – Facebook Page
  • Channel 24 – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: