তৌহিদ আফ্রিদির মুক্তি চেয়ে মন্তব্য করেননি আসিফ মাহমুদ, ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ভ্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদির ছবি যুক্ত করে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘জানতাম না আফ্রিদি এখনো জেলে। অনেক হয়েছে এবার মুক্তি দেয়া হোক।’

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জানতাম না আফ্রিদি এখনো জেলে। অনেক হয়েছে এবার মুক্তি দেয়া হোক’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তৌহিদ আফ্রিদিকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে একটি ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগোর উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, তৌহিদ আফ্রিদিকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: