সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল’ শিরোনামে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৩ মার্চ, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৩ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।
অর্থাৎ, যমুনা টিভি এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ছবি যাচাই
আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে, অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি টুডে’ এর ওয়েবসাইটে গত বছরের ১৬ অক্টোবর ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লাখো জনতার মশাল প্রজ্জ্বলন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত একটির ছবির সঙ্গে ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

সুতরাং, ‘গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল’ দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Jamuna Tv- Facebook Page
- Jamuna Tv- Website
- Jamuna Tv- YouTube
- bdtoday- Website


