শেখ হাসিনাকে নিয়ে জামায়াত আমীর শফিকুর রহমানের মন্তব্য দাবিতে যমুনা টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার 

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ঢাকা-১৫ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমানকে জড়িয়ে তার ছবিসহ মূলধারার গণমাধ্যম যমুনা টিভি এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘শেখ হাসিনা ক্ষমা চাইলে আমরা তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় স্বাগত জানাবো: শফিকুর রহমান।’

অর্থাৎ, দাবি করা হয়েছে- ‘শেখ হাসিনা ক্ষমা চাইলে জামায়াত ইসলামী শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় স্বাগত জানাবে’ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমীর শফিকুর রহমান।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং শফিকুর রহমান‌ও শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো এবং যমুনা টিভির ওয়েবসাইট ঠিকানার উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, জামায়াত আমীর শফিকুর রহমানের মন্তব্য দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
  • Jamuna Television- Facebook Page
  • Jamuna Television- Website 
  • Jamuna Television- YouTube
Share: