সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের মৃত্যু দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জড়িয়ে তার ছবিসহ যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে আব্বাস’।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাসকে জড়িয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তার মৃত্যুর দাবিটিও সঠিক নয়। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির নাম উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

গণমাধ্যম সূত্রে জানা যায়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে বলে ২৫ মার্চ তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। ২৪ মার্চ তার অক্সিজেন খুলে নেওয়া হয়। এখন তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে পারছেন। তিনি চোখে মেলে তাকিয়েছেন।

সুতরাং, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাস মারা গেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Jamuna TV- Facebook Page

Jamuna TV- Website

Jamuna TV- YouTube

Share: