শায়খ আহমাদুল্লাহ ধর্মমন্ত্রী হওয়ার দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহকে জড়িয়ে তার ছবিসহ যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘নবনির্বাচিত ধর্মমন্ত্রী শায়েখ আহমাদুল্লাহ।’

অর্থাৎ, দাবি করা হয়েছে- শায়খ আহমাদুল্লাহকে নবনির্বাচিত ধর্মমন্ত্রী নির্বাচিত করেছে সরকার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শায়খ আহমাদুল্লাহকে জড়িয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, বিএনপি সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে গণমাধ্যম যমুনা টেলিভিশনের লোগো দেখা যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, বিশ্লেষণে দেখা যায়, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলোর তুলনায় আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্ট ডিজাইনে অমিল রয়েছে।

পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির সমর্থনে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি কুমিল্লা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্মমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বর্তমানে তাকে পরিবর্তন করে অন্য কাউকে ধর্মমন্ত্রী করার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘নবনির্বাচিত ধর্মমন্ত্রী শায়েখ আহমাদুল্লাহ’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: