‘কোটি টাকার ফ্লাটের ভাগ চাইছেন ফাতিমা তাসনিম জুমা, হাদির স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস’ শিরোনামে জনকণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি,“কোটি টাকার ফ্লাটের ভাগ চাইছেন ফাতিমা তাসনিম জুমা, হাদির স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস” শীর্ষক শিরোনামে দৈনিক জনকণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘কোটি টাকার ফ্লাটের ভাগ চাইছেন ফাতিমা তাসনিম জুমা, হাদির স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস’ শিরোনামে দৈনিক জনকণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, জনকণ্ঠ কর্তৃক প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২১ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, জনকণ্ঠের ফেসবুক পেজে গত ২১ জানুয়ারি ‘ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট’ শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। জনকণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘কোটি টাকার ফ্লাটের ভাগ চাইছেন ফাতিমা তাসনিম জুমা, হাদির স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে দৈনিক জনকণ্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত জনকণ্ঠের পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন সাংবাদিক দম্পতি সাগর-রুনির মতো কতবার যে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিচার পেছাবে, তা আল্লাহই ভালো জানেন বলে মন্তব্য করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সুতরাং, “কোটি টাকার ফ্লাটের ভাগ চাইছেন ফাতিমা তাসনিম জুমা, হাদির স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস” শীর্ষক দাবিতে দৈনিক জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: