খালেদা জিয়া মৃত্যুর খবর দিতে চিকিৎসকরা নিষেধ করেছিলেন দাবিতে জনকণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি,“খালেদা জিয়ার মৃত্যুর খবর দিতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা” শীর্ষক দাবিতে দৈনিক জনকণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ছবিটি প্রায় ৩১ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘খালেদা জিয়ার মৃত্যুর খবর দিতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা’’ শিরোনামে দৈনিক জনকণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, জনকণ্ঠ কর্তৃক প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজাইন প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১০ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, জনকণ্ঠের ফেসবুক পেজে গত ১০ ডিসেম্বর ‘খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা’ শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। জনকণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘খালেদা জিয়ার মৃত্যুর খবর দিতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে দৈনিক জনকণ্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত জনকণ্ঠের পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠানে যাওয়ার আগেও বেগম খালেদা জিয়া কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়ে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তিনি অসুস্থ হওয়ার আগে ওই প্রোগ্রামে গিয়েছিলেন। যাওয়ার আগেও তিনি কিছুটা অসুস্থ ছিলেন। তবে ডাক্তাররা প্রোগ্রামে যেতে নিষেধ করেছিলেন। ওই অনুষ্ঠান থেকে ফেরার দুইদিন পর ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সুতরাং, “খালেদা জিয়ার মৃত্যুর খবর দিতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা” শীর্ষক দাবিতে দৈনিক জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: