স্ত্রীর গায়ে হাত তোলা প্রসঙ্গে গোলাম পরওয়ারের মন্তব্য দাবিতে কালের কণ্ঠের ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ‘পুরুষের হক আছে তার স্ত্রীকে শাসন করার। প্রয়োজন হলে গায়ে হাতও তোলা যাবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত একই ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘পুরুষের হক আছে তার স্ত্রীকে শাসন করার। প্রয়োজন হলে গায়ে হাতও তোলা যাবে: মিয়া গোলাম পরওয়ার’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এমনকি মিয়া গোলাম পরওয়ারের আলোচিত মন্তব্যটি করার কোনো তথ্যও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম কালের কণ্ঠের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২০ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে এমন কোনো ফটোকার্ড প্রকাশিত হতে দেখা যায়নি।

এছাড়াও কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যায়। তবে ফটোকার্ড প্রকাশের তারিখ উল্লেখের ক্ষেত্রে যে ফন্টটি ব্যবহার করা হয় সেটির ভিন্নতা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এছাড়াও ফটোকার্ডটির ডানপাশে দেখতে পাওয়া কালের কণ্ঠের লোগোতেও কিছুটা পার্থক্য দেখতে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি এবিষয়ে জানতে কালের কণ্ঠের অনলাইন বিভাগের সম্পাদক ও ইনচার্জ সাকিব সিকান্দারের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, মিয়া গোলাম পরওয়ারের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। কালের কণ্ঠ থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি।

পরবর্তীতে ফটোকার্ডটিতে ব্যবহৃত গোলাম পরওয়ারের ছবিটির বিষয়ে অনুসন্ধানে জানা যায় এটি ২০২৫ সালের ২৮ অক্টোবরের জামায়াতের একটি কর্মসূচির ছবি। উক্ত কর্মসূচিতে তার দেওয়া বক্তব্যের ভিডিও পর্যালোচনা করেও সেসময় তাকে এমন কোনো বক্তব্য দিতে শোনা যায়নি।

এছাড়াও তিনি কখনো এমন মন্তব্য করেছে কিনা জানতে অনুসন্ধানে কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি কক্সবাজারে এক নির্বাচনী সমাবেশে মিয়া গোলাম পরওয়ার আরেকটি রাজনৈতিক দলকে সমালোচনা করে বলেন, ‘যে যুবসমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। ন্যায্যতা দিতে যারা অস্বীকার করেছিল, তাদের খালি হাতে মোকাবিলা করে দেশ থেকে বিদায় করে দিয়েছি। সেই মায়ের সন্তানদের ভয় দেখাইও না। আমাদের মায়েদের গায়ে হাত দিচ্ছ? আগুন জ্বলে উঠবে, আগুন। এ আগুন কেউ নেভাতে পারবে না।’

তিনি বলেন, ‘তারা মা-বোনদের গায়ে হাত দেয়। তারা হুমকি দেয়, কাপড় খুলে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই?’

ধারণা করা যাচ্ছে, তার উক্ত বক্তব্যটিকেই বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়ে থাকতে পারে। কারণ উক্ত বক্তব্য ব্যতিত গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তার আলোচিত বক্তব্য প্রদানের তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘পুরুষের হক আছে তার স্ত্রীকে শাসন করার। প্রয়োজন হলে গায়ে হাতও তোলা যাবে: মিয়া গোলাম পরওয়ার’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: