আ.লীগের উচিত আমাদের ক্ষমা করে নির্বাচনে অংশ নেওয়া বলে মন্তব্য করেননি শফিকুল আলম

গেল জানুয়ারি মাসে সদ্য সাবেক প্রধান উপদেষ্টার সদ্য সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে ‘বাংলাদেশ আওয়ামী লীগের উচিত আমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশ নেওয়া। প্রয়োজনে নির্বাচনের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে’ শিরোনামে কালের কন্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের উচিত আমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশ নেওয়া। প্রয়োজনে নির্বাচনের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে’ শীর্ষক মন্তব্য করেননি শফিকুল আলম এবং এরূপ শিরোনামে ‘কালের কন্ঠ’ও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম কালের কণ্ঠের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১৬ জানুয়ারি,২০২৬ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ১৬ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, কালের কন্ঠের ফেসবুক পেজে গত ১৬ জানুয়ারিতে শফিকুল আলমের মন্তব্য দাবিতে ‘আওয়ামী লীগ কী পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদান মিল রয়েছে। কালের কন্ঠের মূল ফটোকার্ডটিতে ‘আওয়ামী লীগ কী পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি : শফিকুল আলম’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘বাংলাদেশ আওয়ামী লীগের উচিত আমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশ নেওয়া। প্রয়োজনে নির্বাচনের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, শফিকুল আলম ‘বাংলাদেশ আওয়ামী লীগের উচিত আমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশ নেওয়া। প্রয়োজনে নির্বাচনের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কন্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Kaler kantho- Facebook page
- Kaler kantho- Website

