সম্প্রতি, ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন ‘মিজানুর রহমান আজাহারী আজ থেকে রাজাকার হয়ে গেছে’ শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মিজানুর রহমান আজাহারী আজ থেকে রাজাকার হয়ে গেছে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি ইশরাক হোসেন। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, ইশরাক হোসেনের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে গত ০৫ ফেব্রুয়ারি ‘ভিপি আবু সাদিক কায়েক সমর্থকগোষ্ঠী’ নামক একটি ফেসবুক গ্রুপে ‘আশার আলো’ নামক একটি ফেসবুক পেজ থেকে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়েছে। তবে, উক্ত পোস্টেও কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
এরপর ‘আশার আলো’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
সুতরাং, ইশরাক হোসেন ‘মিজানুর রহমান আজাহারী আজ থেকে রাজাকার হয়ে গেছে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ishraque Hossain – ইশরাক হোসেন- Facebook Account
- আশার আলো- Facebook Post
- আশার আলো- Facebook Page


