জামায়াতে ইসলামীকে জড়িয়ে নাগরিক টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে “‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে জাহান্নাম’ বলা নারী কর্মীদের পুলিশে দিলো গ্রামবাসী” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নাগরিক টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত একই ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত একই ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে জাহান্নাম’ বলা নারী কর্মীদের পুলিশে দিলো গ্রামবাসী” শিরোনামে নাগরিক টিভি কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ২০১৪ সালে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার ইসলামী ছাত্রী সংস্থার ২৪ কর্মীকে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে তোলা ছবি ব্যবহার করে উক্ত দাবির ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে জামায়াতে ইসলামীর কোনো নারী কর্মীকে এমন কোনো মন্তব্যের জন্যে পুলিশে দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে নাগরিক টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১০ ডিসেম্বর ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উল্লিখিত সময়ে এমন কোনো ফটোকার্ড প্রকাশিত হতে দেখা যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ফন্ট, ফন্টের আকার, ফন্টের গাঢ়ত্বে অমিল পরিলক্ষিত হয়।

পরবর্তীতে ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের ওয়েবসাইটে ২০১৪ সালের ২০ জুন ইসলামী ছাত্রী সংস্থার ২৪ কর্মীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটির পরপরই ধারণ করা আরেকটি ছবি দেখতে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি সেসময় রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার ইসলামী ছাত্রী সংস্থার ২৪ কর্মীকে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে তোলা হয়। এছাড়াও আরেক গণমাধ্যমে একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ভিন্ন এঙ্গেল থেকে ধারণ করা আরেকটি ছবিতেও তাদের দেখতে পাওয়া যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, নাশকতার পরিকল্পনার অভিযোগে সেসময় তাদেরকে আটক করে পুলিশ।

অর্থাৎ, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। ছবিতে দেখতে পাওয়া নারীদের ‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে জাহান্নাম’ শীর্ষক মন্তব্যের কারণে আটক করা হয়নি।

সুতরাং, “‘দাঁড়িপাল্লায় ভোট না দিলে জাহান্নাম’ বলা নারী কর্মীদের পুলিশে দিলো গ্রামবাসী” শিরোনামে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: