‘জামায়াত সরকার গঠন করলে পরকিয়া বন্ধ হবে’ শীর্ষক মন্তব্য করেননি মামুনুল হক, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ‘জামায়াত সরকার গঠন করলে দেশে পরকিয়া বন্ধ হব’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নাগরিক টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াত সরকার গঠন করলে দেশে পরকিয়া বন্ধ হব’ শিরোনামে নাগরিক টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়াও মাওলানা মামুনুল হকও আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নাগরিক টিভির ডিজাইনের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে তা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে নাগরিক টিভির লোগো দেখতে পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, নাগরিক টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের কিছুটা পার্থক্য রয়েছে। পাশাপাশি লক্ষ্য করা যায়, নাগরিক টিভির ফটোকার্ডের নিচের অংশে ‘তারিখ’ উল্লেখ করা থাকে, যেটি আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে অনুপস্থিত।

এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ফটোকার্ডটি নাগরিক টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে।

সুতরাং, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশে পরকিয়া বন্ধ হবে শীর্ষক মামুনুল হকের মন্তব্য দাবিতে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Nagorik TV – Facebook Page
  • Nagorik TV – Website
  • Nagorik TV – YouTube
  • Rumor Scanner’s Analysis
Share: