মির্জা আব্বাসকে মাদক সেবন না করে বুড়িগঙ্গার পানি খেতে বলেননি নাসীরুদ্দীন পাটওয়ারী

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি যুক্ত করে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে তিনি বলেছেন, ‘মির্জা আব্বাসকে বলবো মাদক সেবন না করে বুড়িগঙ্গার পানি খান।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মির্জা আব্বাসকে বলবো মাদক সেবন না করে বুড়িগঙ্গার পানি খান’ বলে মন্তব্য করেননি নাসীরুদ্দীন পাটওয়ারীর। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘Janina Television’ নামের একটি ফেসবুক পেজে গত ০৩ ফেব্রুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘Janina Television’ এর লোগোর অংশ বাদ দেওয়া হয়েছে।

‘Janina Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ (অনূদিত)
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘মির্জা আব্বাসকে বলবো মাদক সেবন না করে বুড়িগঙ্গার পানি খান’ শীর্ষক মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারী করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Janina Television – Facebook Post

