নির্বাচনের সাল বিষয়ে মৎস্য উপদেষ্টাকে উদ্ধৃত করে এনটিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “২০২৯ সালের আগে আমরা নির্বাচনের কথা ভাবছি না: ফরিদা আখতার” শিরোনামে এনটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নির্বাচন প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে উদ্ধৃত করে এনটিভি এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ফরিদা আক্তারও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ফরিদা আক্তারের মন্তব্য নিয়ে এনটিভি কর্তৃক প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজাইন প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে এনটিভির প্রচলিত ফটোকার্ডের ডিজাইন এবং এটি প্রকাশের তারিখ ১৬ নভেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

পরবর্তীতে এনটিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এরূপ কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, এনটিভির ফেসবুক পেজে গত ১৬ নভেম্বর ‘জলবায়ু অর্থায়ন দরকষাকষির বিষয় নয় এটি ন্যায়বিচার ও মানব মর্যাদার’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। এনটিভির মূল ফটোকার্ডটিতে ‘জলবায়ু অর্থায়ন দরকষাকষির বিষয় নয় এটি ন্যায়বিচার ও মানব মর্যাদার’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘২০২৯ সালের আগে আমরা নির্বাচনের কথা ভাবছি না: ফরিদা আখতার’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, এনটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত এনটিভির পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রাজিলের বেলেমে ১৫ নভেম্বর জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত একটি সেশনে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘জলবায়ু অর্থায়ন বাংলাদেশের জন্য কোনো দরকষাকষির বিষয় নয়; এটি টিকে থাকা, ন্যায়বিচার ও মানব মর্যাদার প্রশ্ন। আমরা এখানে সমস্যার কথা আবার বলতে আসিনি, এসেছি এমন সমাধান খুঁজতে, যা আমাদের ভোগান্তির গভীরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

গত ২০ নভেম্বর এনটিভির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমেও উক্ত ফটোকার্ডটি গণমাধ্যমটির নয় বলে নিশ্চিত করা হয়েছে।

সুতরাং, উপদেষ্টা ফরিদা আখতার ‘২০২৯ সালের আগে আমরা নির্বাচনের কথা ভাবছি না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: